যদি জাপানে গিয়ে ভালো ক্যারিয়ার গড়তে বা উচ্চবেতনের চাকরি পেতে চান, জাপানি ভাষা শিখুন - বিভিন্নভাবে জাপান যাওয়ার সুযোগ আছে।

জাপান সেল নিউজ :
জাপানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মো. দাউদ আলী আজ ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়, ওকায়ামা ইউনিভার্সিটি অব সায়েন্স এবং ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টদের সাথে সাক্ষাৎ করেছেন। এছাড়া, ওকায়ামা বিজনেস কলেজ, বিভিন্ন জাপানি ভাষা ইনস্টিটিউট, বিভিন্ন মানবসম্পদ সংস্থা এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সাথেও আজ বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকগুলোতে রাষ্ট্রদূত এসব বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর সাথে নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণ করেন। তিনি বিশ্ববিদ্যালয় ও ভাষা ইনস্টিটিউটগুলোকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় স্তরে এবং ভাষা কোর্সে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থীকে স্বাগত জানাতে অনুরোধ করেন। একই সাথে তিনি জাপানে পড়াশোনা ও কাজের সুযোগকে বাংলাদেশীদের জন্য সহজতর করতে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত সাম্প্রতিক ইতিবাচক উদ্যোগগুলোর ওপরও আলোকপাত করেন।
.
জাপানি বিশ্ববিদ্যালয় ও ভাষা ইনস্টিটিউটগুলো এসব ধারণাকে স্বাগত জানায় এবং ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও শিক্ষার্থী ও কর্মী গ্রহণ করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতির কথা নিশ্চিত করে। দূতাবাসের শ্রম কল্যাণ উইং এর প্রথম সচিব ( শ্রম) মো: জয়নাল আবেদিন এবং ওকায়ামাতে বসবাসকারী বাংলাদেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও ওকায়ামা বিজনেস কলেজের সম্মানিত শিক্ষক ড. জিয়াউল করিম, জেন মিরাই এর প্রেসিডেন্ট মি. কাওয়ামোতো এবং জাপানিজ কুমিয়াই কৌদো সাঙ্গীয়ো গিজুতসু সিঙ্কোও কিয়োদো কুমীয়াই এর স্বত্বাধিকারী মি. ওনো এইজি মান্যবর রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন।
